দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাদা বলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করা অমিত হাসানও প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে আছেন তানজিদ ও অমিত। এছাড়া প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এক বছর পর দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান।
চলমান বিসিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন অমিত হাসান। সর্বশেষ ম্যাচে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সেই নির্বাচকদের নজর কাড়েন এই ব্যাটার।
অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হলেও এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন ওপেনার তানজিদ হাসান তামিম।
নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন বলেন, তানজিদ দীর্ঘদিন ধরে টেস্ট ভাবনায় ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড ভালো এবং টেকনিকও শক্তিশালী। সুযোগ পেলে লম্বা ফরম্যাটে সে ভালো করবে বলে আশা করা হচ্ছে।
অমিত হাসানকে নিয়ে তিনি বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকতার কারণে সে সুযোগ পেয়েছে। তার ধৈর্য ও টেম্পারামেন্ট টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী বলে মনে করা হচ্ছে।
টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে সিরিজটি অনুষ্ঠিত হবে। আগামী ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ১৬ মে সিলেটে। পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে।
এমএস/